কিসমতপুরে বলরাম চক্রবর্ত্তী ফাউন্ডেশন (বচফা)-এর শ্রীমদ্ভগবদ্গীতা শিক্ষা স্কুলের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, মির্জাগঞ্জ: সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষা প্রসারের লক্ষ্যে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কিসমতপুরে যাত্রা শুরু করল ‘(বচফা) শ্রীমদ্ভগবদ্গীতা শিক্ষা স্কুল-১’। গত ১৯ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, বলরাম চক্রবর্ত্তী ফাউন্ডেশন (বচফা)-এর উদ্যোগে কিসমতপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে এই শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের নিবন্ধিত শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করতে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে শ্রীমদ্ভগবদ্গীতা, খাতা, কলম এবং ব্যাগ বিতরণ করা হয়। নতুন শিক্ষা উপকরণ হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আনন্দের আমেজ পরিলক্ষিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলরাম চক্রবর্ত্তী ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, বর্তমান সময়ে নতুন প্রজন্মের মাঝে শ্রীমদ্ভগবদ্গীতার কালজয়ী জ্ঞান ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। এই স্কুলের মাধ্যমে শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি আদর্শ জীবন গড়ার নৈতিক প্রেরণা লাভ করবে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ‘বচফা’ (BCF) সমাজসেবা ও ধর্মীয় শিক্ষার প্রসারে বদ্ধপরিকর। কিসমতপুরের এই স্কুলটি তাদের দীর্ঘমেয়াদী শিক্ষা প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ ধাপ। পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলেও এ ধরনের পাঠশালা স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের। স্থানীয় গ্রামবাসী ও ভক্তবৃন্দ মন্দির প্রাঙ্গণে এই মহৎ উদ্যোগের জন্য ফাউন্ডেশনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

One Comment

  1. সকলের সহযোগিতা পেলে এগিয়ে যাব অনেক দূরে। সেটা হতে পারে মানসিক কিংবা আর্থিক।

Leave a Reply to Ratan chakrabarty Cancel reply

Your email address will not be published. Required fields are marked *